ঢাকা, বুধবার, ২১ অক্টোবর, ২০২৬

মাদক নির্মূলে একটি সংগঠন গড়ে তুলতে চাই: ইশরাক

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে সদ্য পদত্যাগ করা ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন মাদক নির্মূলে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন। এ লক্ষ্যে এলাকার সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে একটি সংগঠন গড়ে তুলতে চান তিনি। পাশাপাশি চুরি, ডাকাতি, ছিনতাই ও চাঁদাবাজি প্রতিরোধেও কাজ করার পরিকল্পনার কথা জানিয়েছেন এই সংসদ সদস্য।


বুধবার (২১ অক্টোবর) নিজের যাচাইকৃত ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে এসব কথা জানান ইশরাক হোসেন।


স্ট্যাটাসে তিনি লেখেন, ‘প্রিয় ঢাকা-৬-এর বাসিন্দাগণ, মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার কার্যক্রম এগিয়ে নেব, ইনশাআল্লাহ। এই লক্ষ্য অর্জনে এখানকার সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে একটি সংগঠন গড়ে তুলতে চাই।’


ইশরাক জানান, সংগঠনটি মাদক নির্মূলে স্থানীয় প্রশাসনকে সহযোগিতা করবে এবং প্রশাসনের কাছ থেকেও সহযোগিতা নেবে। তাঁর মতে, অত্যধিক ঘনবসতিপূর্ণ ঢাকা-৬ এলাকায় জনগণকে সম্পৃক্ত না করে কোনো একক সংস্থার পক্ষে মাদক নির্মূল করা সম্ভব নয়।


মাদকবিরোধী কার্যক্রমের পাশাপাশি চুরি, ডাকাতি, ছিনতাই ও চাঁদাবাজি প্রতিরোধেও উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি। এ ক্ষেত্রে থানা-পুলিশের সঙ্গে সমন্বয় করে প্রতিটি পদক্ষেপ গ্রহণ করা হবে।


নিজের উদ্যোগের বিরোধিতা হতে পারে উল্লেখ করে ইশরাক লেখেন, কিছু পত্রিকা, তাদের ফেসবুক পেজ, অনলাইন মাধ্যম ও অন্য গণমাধ্যম এ উদ্যোগ বানচাল করতে চাইতে পারে। এ ধরনের ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিরাও বিরোধিতা করতে পারেন বলে মন্তব্য করেন তিনি। তবে সব বাধা পেরিয়ে উদ্যোগটি সফল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন এই সংসদ সদস্য।


স্ট্যাটাসে এলাকাবাসী ও ভোটারদের আশ্বস্ত করে ইশরাক বলেন, আল্লাহর দেওয়া মৃত্যু ছাড়া কোনো ‘দালাল মিডিয়া গ্রুপ’ বা অপরাধী তাকে থামাতে পারবে না। একই সঙ্গে বাংলাদেশপন্থী, মেধাবী ও দেশপ্রেমিক নতুন প্রজন্মকে নিয়ে নতুন ধারার গণমাধ্যম গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

ads
ads
ads

Our Facebook Page

↑